ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিশ্বকাপ শেষেই বিদায় বলবেন রোনালদোদের কোচ

ads

ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেই তীব্র আলোচনার মুখে পড়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার পর দুটি ভিন্ন কারণে ফুটবল অঙ্গনে এখন লাইমলাইটে তিনি। প্রথমত, মাঠের পারফরম্যান্সে নিষ্প্রভ থাকার পরও ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলানো। আর দ্বিতীয়ত, চলতি বিশ্বকাপ শেষেই পর্তুগালের কোচের দায়িত্ব ছাড়ার প্রকাশ্য ঘোষণা দেওয়া।


কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা রোনালদো পুরো সময়ে মাত্র ২৫ বার বল স্পর্শ করেন এবং ৩টি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি। ম্যাচ শেষে সিআরসেভেনকে মাঠ থেকে তুলে না নেওয়ার ব্যাখ্যায় মার্তিনেজ জানান, যে ম্যাচে দলের গোলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো যুক্তি হতে পারে না।


এদিকে ম্যাচের আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় এক ঘোষণা দেন মার্তিনেজ। ফিফাকে তিনি জানিয়েছেন, বিশ্বকাপের পর চুক্তি শেষ হওয়া মাত্রই তিনি পর্তুগালের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। পর্তুগালের সঙ্গে তার চুক্তি কেবল এ বিশ্বকাপ পর্যন্তই নির্ধারিত ছিল। এটি নতুন কোনো খবর নয়। গত ৩ বছর ধরে যে লক্ষ্য নিয়ে কাজ করেছেন, এখন তা পূরণের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন বলে মনে করেন এই স্প্যানিশ কোচ। ২০২৩ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বেলজিয়ামের সাবেক এ কোচ পর্তুগালকে ৪০টি ম্যাচে ডাগআউটে থেকে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে ২৮টি জয়, ৭টি ড্র এবং ২০২৪-২৫ মৌসুমের উয়েফা নেশনস লিগের শিরোপা।নেশনস লিগ জয়ের পরও মার্তিনেজের মূল ফোকাস এখন কেবলই বিশ্বকাপ জয়। তাই প্রথম ম্যাচের এ অনাকাঙ্ক্ষিত ফলে আতঙ্কিত না হয়ে মার্তিনেজ উদাহরণ টেনেছেন অতীত ইতিহাসের।


তিনি মনে করিয়ে দেন, ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও আর্জেন্টিনা এবং ২০১০ সালে সুইজারল্যান্ডের কাছে হেরে স্পেন শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে শেষ বিচার করা যায় না বলে উল্লেখ করেন মার্তিনেজ। তিনি বিশ্বাস করেন, এ ধাক্কা সামলে পর্তুগালও বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।

ads
ads
ads

Our Facebook Page